
ভোলা প্রতিনিধি: উপকূলীয় ও দুর্গম চরাঞ্চলে বসবাসকারী মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে একটি আধুনিক ওয়াটার অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) সকালে ভোলার মনপুরা উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে মনপুরা উপজেলা প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে ওয়াটার অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে ওয়াটার অ্যাম্বুলেন্সটির নামকরণ করা হয়েছে শহীদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুলেন্স।
এই ওয়াটার অ্যাম্বুলেন্সের মাধ্যমে নদী ও সাগরবেষ্টিত দুর্গম এলাকায় দ্রুত রোগী পরিবহন, জরুরি চিকিৎসা সহায়তা প্রদান এবং সময়মতো স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানান।
হস্তান্তর অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা শহীদ শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি জানান, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।
উপদেষ্টা বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আপসহীন ও সাহসী কণ্ঠস্বর। তার আত্মত্যাগ ও আদর্শ মানবিক সমাজ গঠনে আমাদের অনুপ্রেরণা জোগায়। উপকূলীয় মানুষের জীবন রক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের মতো মানবিক উদ্যোগের সঙ্গে তার নাম যুক্ত করতে পেরে আমরা গর্বিত।
তিনি আরও বলেন, সরকার উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জনগণের মৌলিক অধিকার—বিশেষ করে স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নদী ও সাগরনির্ভর জনপদের বাস্তবতা বিবেচনায় নিয়ে ওয়াটার অ্যাম্বুলেন্সের মতো উদ্যোগ মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রণালয় ও মনপুরা উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
