
মোঃ মেহেদী হাসান সুমন, ভোলা টাইম্স:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ভোলা জেলা পুলিশ এবং অনান্য ইউনিট থেকে আগত সদস্যদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।সকাল ১০:০০ টা জেলা পুলিশ লাইন্স, ভোলায় উক্ত ব্রিফিং সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। পুলিশ সুপার তাঁর বক্তব্যে নির্বাচনকালীন শৃঙ্খলা রক্ষায় পুলিশের সর্বোচ্চ পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্টদের প্রতি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।ভোটাররা যাতে কোনো ভয়ভীতি বা প্ররোচনা ছাড়াই নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে এবং পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে নিরপেক্ষ থেকে “আইনের পক্ষে” কাজ করার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে, পুলিশ কোনো বিশেষ দল, ব্যক্তি বা গোষ্ঠীর নয়; বরং তারা রাষ্ট্রের পুলিশ এবং জনগণের পুলিশ। আমাদের প্রধান লক্ষ্য হবে রাষ্ট্রের সুরক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।পরিশেষে, পুলিশ সুপার মহোদয় একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্যদের সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
