
মনপুরা প্রতিধি, দৈনিক ভোলা টাইমস্:
ভোলার মনপুরা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভস্মীভূত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গভীর রাতে বাজারের সুমন স্বর্ণকারের জুয়েলারি দোকানে প্রথমে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের আরো ছয়টি দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফয়ার সার্ভিস খবর দিলে তারা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে সুমনের জুয়েলারি দোকান, সজীবের ইলেকট্রনিক্স দোকান, শরীফ ঢালীর মুদি দোকান ও একটি মালামালের গুদামঘর, মাকসুদের জাল-সুতার দোকান ও গুদাম এবং আব্বাস তালুকদারের মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুসা বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হবে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে আর্থিক সহায়তা দেওয়া হবে।’
