
দৈনিক ভোলা টাইমস্:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য ভোলায় প্রস্তুতি সম্পন্ন করেছে ৬ হাজার ৮ শ ২৫ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভোলায় এ বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে প্রধান অতিথি হিসেবে ব্রিফিং করেন বরিশাল বিভাগীয় আনসার ভিডিপির রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ (বিভিএম, পিভিএমএস)। আনসার ভিডিপির ভোলা জেলা কমান্ড্যান্ট মো. রাশেদ বিন মামুনের (পিভিএমএস)র সভাপতিত্বে প্যারেড অনুষ্ঠিত হয়।উপস্থিত ৩ হাজার ২শ ৭৬ জন নারী-পুরুষ আনসার ভিডিপি সদস্যের উদ্দেশে রেঞ্জ কমান্ডার বলেন, ‘এবারের নির্বাচনে আপনারা সর্বোচ্চ গুরুত্বের সহিত নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। কেননা এই নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের আগামী ৫ বছরের ভালোমন্দ। তিনি বলেন, নির্বাচনের দিন ভোট গ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত আপনাদেরকে এতটাই সতর্ক থাকতে হবে যে,কেউ যেন কোনো রূপ আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে না পারে। রেঞ্জ কমান্ডার বলেন, এবার সরকার আপনাদের জন্য পর্যাপ্ত বরাদ্দ দিয়েছে। তাই আপনারা দায়িত্ব পালনকালে কারও থেকে এক গ্লাস পানিও খাবেন না। দৌলতখান উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিভূতিভূষণ প্রামানিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্যারেডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন (২২বিএল) এর অধিনায়ক সদন চাকমা (বিভিএম)। ভোলা জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত প্যারেডে আনসার ভিডিপির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গুরুত্বপূর্ণ এই প্যারেডে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার সদস্যরা উপস্থিত ছিলেন এবং বাকী উপজেলার সদস্যরা অনলাইনে যুক্ত ছিলেন বলে নিশ্চিত করেন কর্তৃপক্ষ।
