
প্রতিনিধি : মোঃ ইলিয়াস, ভোলা, ১ লা ফেব্রুয়ারি কুকরি মুকরি, ভোলা— আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলা-৪ আসনের ১২ নং কুকরি মুকরি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক আয়োজিত এক প্রচারণা ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। অনুষ্ঠানে চর ফ্যাশন, আইচা ও মাইনকা এলাকা থেকে আগত বিএনপির অসংখ্য দলীয় নেতাকর্মী অংশ নেন। তাদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বক্তব্যে নুরুল ইসলাম নয়ন বলেন, তারা যদি নির্বাচনে বিজয়ী হন, তাহলে এলাকার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। মানুষের পাশে থাকা, বিপদে সহযোগিতা করা এবং প্রতিটি ঘরে ভাতার সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, সমাজে বঞ্চিত নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, যারা আওয়ামী লীগ করতেন অর্থাৎ সাধারণ জনগণ—তাদের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। তবে যারা অতীতে নির্মম অত্যাচার করেছেন, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তিনি ঘোষণা করেন যে, “এই অঞ্চলে মাদকের কোনো স্থান নেই। মাদক ব্যবসায়ী যে-ই হোক, আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
