দৈনিক ভোলা টাইমস্:
আগামী তিন-চার দিনের মধ্যে, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পর আজ শনিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। মন্ত্রিপরিষদসচিব আরো বলেন, ‘আইন অনুযায়ী আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ করে দ্রুততম সময়ের মধ্যে নতুন সরকার গঠনের কথা রয়েছে। এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আরো বলেন, ‘এই শপথ গ্রহণ আগামী তিন-চার দিনের মধ্যে, অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি তিন দিন, সর্বোচ্চ গেলে ১৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হতে পারে। আমরা এমনটাই আশা করছি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব জানান, নির্বাচন কমিশন ইতিমধ্যে ২৯৭টি আসনের নির্বাচিত সংসদ সদস্যদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করেছে। আইন অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে হয়। আগামীকাল থেকে শুরু হওয়া পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে, অর্থাৎ ১৭ ফেব্রুয়ারির মধ্যে এই শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে।’
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.