বাবুল রানা, ভোলা প্রতিনিধি:
মোঃ বাবুল রানা : ভোলা সদর আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আগামী নির্বাচনে বিজয়ী হলে ভোলাকে চাঁদাবাজিমুক্ত রাখা হবে এবং ব্যবসায়ী সমাজকে নিরাপদ পরিবেশে ব্যবসা পরিচালনার নিশ্চয়তা দেওয়া হবে। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভোলার চিলি কমিউনিটি সেন্টারে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পার্থ বলেন, আমার কোনো ক্যাডার বাহিনী নেই, আমি অন্যায় করি না এবং অন্যায়কারীর প্রয়োজনও নেই। আল্লাহর রহমত ও আপনাদের ভালোবাসাই আমার শক্তি। তিনি ব্যবসায়ীদের ছোট ছোট কমিটি গঠন করে সরাসরি তার সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান, যাতে মাঠ পর্যায়ের সমস্যা দ্রুত সমাধান করা যায়। তিনি বলেন, ভোলায় শিল্পায়ন গড়ে তুলতে হলে জমির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন প্রয়োজন। অনেক বড় শিল্প প্রতিষ্ঠান জমির অতিরিক্ত দামের কারণে ভোলা থেকে ফিরে যায়, যা জেলার উন্নয়নের পথে বড় বাধা। ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন ও ভোলার অর্থনীতিকে সচল রাখতে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভোলায় ইপিজেড প্রতিষ্ঠা ও শিল্পনগরী গড়ে তুলতে পারলে লাখো বেকারের কর্মসংস্থান হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জেলার উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানসম্মত হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মসংস্থান নিশ্চিত না হলে উন্নয়ন অর্থবহ হবে না। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, যে কোনো সংকটে যেন ব্যবসায়ী সমাজ সম্মিলিতভাবে পাশে থাকে এবং আগামী ১২ তারিখ গরুর গাড়ি প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান। সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহা তালুকদার বাধনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, আবদুর রব আকন, তরিকুল ইসলাম কায়েদ, জিয়া সুপার মার্কেট সমিতির সভাপতি হারুন অর রশীদসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.