
মোঃ ইলিয়াস: চর কুকরি মুকরি প্রতিনিধি, দৈনিক ভোলা টাইমস্:
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ জনপদ চর কুকরি-মুকরিতে আজ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়া সাধারণ মানুষের চোখে-মুখে ছিল তৃপ্তির হাসি। এলাকার প্রবীণ এক ভোটার জানান, “অনেক বছর পর নিজের ভোটটা নিজে দিতে পারলাম। পরিবেশ খুব সুন্দর, কেউ বাধা দিচ্ছে না। আরেকজন তরুণ ভোটার বলেন, “বিগত কয়েক নির্বাচনে আমরা এভাবে নির্ভয়ে কেন্দ্রে আসতে পারিনি। এবার পরিবেশ অনেক উন্নত। আমরা খুব খুশি যে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছি। নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, প্রশাসনের কঠোর নজরদারিতে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চর কুকরি-মুকরির দুর্গম কেন্দ্রগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। স্থানীয়দের মতে, বিগত বছরগুলোর তুলনায় এবারের নির্বাচনের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ভোটাররা কোনো প্রকার চাপ বা ভয়ভীতি ছাড়াই ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করছেন। দীর্ঘদিন পর ভোটাধিকার ফিরে পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে বইছে আনন্দের জোয়ার। কেন্দ্রগুলোর আশেপাশে ছোটখাটো জটলা থাকলেও তা ছিল কেবলই কুশল বিনিময়ের জন্য। স্থানীয় সচেতন মহলের মতে, সুষ্ঠু ভোটগ্রহণের এই ধারা অব্যাহত থাকলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং এরপরই শুরু হবে ভোট গণনার কাজ।
