দৈনিক ভোলা টাইমস্ ডেক্স:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এই দেশে একটি বিশেষ মহল শান্তিপূর্ণ নির্বাচন চায় না। নির্বাচনেও তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নেই, এটা উপলদ্ধি করেই তারা নির্বাচন পণ্ড করার চেষ্টায় লিপ্ত। এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রেরও ইন্ধন রয়েছে। সোমবার বিকেলে ভোলার লালমোহন মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যারা মনে করে জনগণের ভোটে সরকার গঠন করার সুযোগ নেই, এ ধরনের দলগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। সরকারের একটি মহল তাদের মদদ দিচ্ছে। মেজর হাফিজ আরও বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতাকামী, তারাই নির্বাচনকে সুষ্ঠু করে নেবে। এর মধ্য দিয়ে আগামীতেও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। মেজর হাফিজ বলেন, বর্তমান সরকারের আয়ু আছে আর মাত্র এক সপ্তাহ। শেষ সময়ে এসে তাদের দীর্ঘমেয়াদি চুক্তি করা– এগুলো শোভনীয় নয়। তাদের এ তৎপরতা জনগণ ভালো চোখে দেখছে না। নির্বাচিত সরকার যারাই আসুক, তারাই চুক্তি করবে। নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক বাবুল পঞ্চায়েত।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.