
কামরুল হাসান অটল, দৈনিক ভোলা টাইমস্:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভোলায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা পুলিশ প্রশাসন। অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে ভোলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা নীরবতা পালন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত কর্মকর্তা ও সদস্যবৃন্দ ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগের প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ নিজ নিজ থানায় স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য সম্মান ও মর্যাদার সাথে পালন করেন। ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে, এমন প্রত্যয়ে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
