
ভোলা টাইমস্ ডেস্ক:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসন থেকে নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বিএনপির মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ১ লাখ ৪৫ হাজার ৯৯০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টির নিজামুল হক ফুলকপি প্রতীক নিয়ে ৫৭ হাজার ৩৫১ ভোট পেয়েছেন। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২২ লাখ ৯৪০টি এবং ‘না’ ভোট পড়েছে ৫৬ হাজার ৬০৭টি। এর আগে ষষ্ঠ জাতীয় সংসদে মেজর হাফিজ ১৯ মার্চ ১৯৯৬ থেকে ২৯ মার্চ ১৯৯৬ পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় বাণিজ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর অষ্টম জাতীয় সংসদে খালেদা জিয়ার তৃতীয় মন্ত্রিসভায় তিনি ১১ অক্টোবর ২০০১ থেকে ২২ মে ২০০৩ সাল পর্যন্ত পাটমন্ত্রী, ২২ মে ২০০৩ থেকে ২৯ অক্টোবর ২০০৬ পর্যন্ত পানিসম্পদমন্ত্রী এবং পরে ২৪ এপ্রিল ২০০৬ থেকে ২৮ অক্টোবর ২০০৬ পর্যন্ত বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
