
ইউসুফ হোসেন নীরব, দৈনিক ভোলা টাইমস্:
ভোলার ভেদুরিয়া ইউনিয়নে চাঁদার দাবি ও নির্বাচনে গরুর গাড়ি প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে আঃ বারেক (৬৫) নামের এক বৃদ্ধকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ভেদুরিয়া ইউনিয়নের চর রমেশ ১নং ওয়ার্ডের কলেজগেট সংলগ্ন বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল বারেক (৬৫) নামের ওই বৃদ্ধকে গাছের সঙ্গে বেঁধে রড দিয়ে এলোপাতাড়ি পেটানো হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, হানিফ মাল, তার ছেলে খোকন, সাইফুল ও নুরুল ইসলাম—স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী পরিচয়ে—চাঁদার টাকা না দেওয়া এবং নির্বাচনে গরুর গাড়ি প্রতীকে ভোট দেওয়ার জেরে এ হামলা চালায়। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায়। এ সময় বক্তারা বলেন, “এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।” এ বিষয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
