
চরফ্যাশন প্রতিনিধি, দৈনিক ভোলা টাইমস্:
ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সমন্বয় শাখা থেকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যানকে এই নির্দেশ দেওয়া হয়। অভিযোগ সূত্রে জানা গেছে, দৈনিক ‘দ্য বাংলাদেশ টুডে’-র সাংবাদিক তৈয়বুর রহমান পল্লী বিদ্যুতের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় তাঁকে অফিসে ডেকে হেনস্তা করেন ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) সায়েদ মিয়া এবং এজিএম (এইচআর) মিলকান উদ্দিন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। ভুক্তভোগী সাংবাদিকের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগের উপ-সচিব মুহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, উক্ত আবেদনপত্রের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। এই আদেশের অনুলিপি বিআরইবি-র ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও পাঠানো হয়েছে।
